0

চট্টগ্রামের পটিয়ায় আপত্তিকর ছবি তুলে চাঁদাবাজির অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, পৌর সদরের কাগজী পাড়া এলাকার কামাল উদ্দিনের পুত্র আবুল কাশেম (২৬) ও দেলা মিয়ার পুত্র আবদুল মালেক (২৮)। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। তবে আপত্তিকর কোন ছবি উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌর সদরের কাগজী পাড়ার কাশেম, মালেকসহ এলাকার বেশ কয়েকজন যুবক প্রবাসীর স্ত্রী ও যুবতীদের উত্যক্তা করে আসছিল। সম্প্রতি কয়েকজন প্রবাসী বউয়ের আপত্তিকর ছবি তুললে এলাকায় তোলপাড় শুরু হয়। আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ ব্যবস্থা ফেইসবুক ও নানাভাবে প্রচারের হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। প্রবাসী নাজিম উদ্দিনের পিতা মুহাম্মদ ছৈয়দ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে থানার উপ-পরিদর্শক কুতুব উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ কাশেম ও মালেককে গ্রেফতার করে। মামলার অপর আসামী সাইফুদ্দিন পলাতক রয়েছে। এসআই কুতুব উদ্দিন জানিয়েছেন, আপত্তিকর ছবির কথা বলা হলেও এ ধরনের কোন ছবি তাদের কাছ থেকে পাওয়া যায়নি। স্থানীয় কাউন্সিলর শফিউল মান্নান ভুলু জানিয়েছেন, মূলত প্রেম সর্ম্পকিত ঘটনা। শুক্রবার বাদী ও বিবাদী পরিবারের মধ্যে একটি সমঝোতা চেষ্টা হয়েছে। তবে কোন সমধান হয়নি।

Post a Comment

খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন

 
Top