0
চট্টগ্রাম ১২ (পটিয়া) সংসদীয় আসনে জাপার লাঙ্গল ও আ’লীগের নৌকা প্রতীকের ৩টি নির্বাচনী অফিসে বৃহস্পতিবার গভীর রাতে কে কারা অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে। এর মধ্যে উপজেলার খরনা ইউনিয়নের রেল স্টেশন এলাকায় জাপার একটি অফিস ও আওয়ামী লীগ প্রার্থীর একটি অগ্নিসংযোগ এবং কোলাগাঁও লাখেরা গ্রামের লালপুল এলাকা জাতীয় পার্টির একটি অফিস ভাংচুর করেছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য সামশুল হক চৌধুরী নৌকা ও পটিয়ার প্রাক্তন এমপি জাপা প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরী লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। শুক্রবার সকালে পটিয়া থানার উপ পরিদর্শক হালিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেন। পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন অগ্নিসংযোগ ও ভাংচুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি। কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ।
এই প্রসঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সামশুল হক চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, অগ্নিসংযোগের বিষয়টি শুনলেও কি কারণে এমনটা ঘটেছে তা আমাদের বোধগম্য নয়। এদিকে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জসিমুল আনোয়ার খাঁন জানিয়েছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরীর বিজয় নিশ্চিত বুঝতে পেরে একটি কুচক্রমহল অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। তিনি প্রশাসনকে এ বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

Post a Comment

খবরটি সম্পর্কে আপনার মতামত প্রদান করুন

 
Top